তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের তৎপরতা আরও জোরদার করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। কংগ্রেসের সমর্থনের আশ্বাস পাওয়ার পর এবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) কাছেও আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। থোল থিরুমাভালাভান নেতৃত্বাধীন ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য এখন দলটির সমর্থন চাইছে টিভিকে।
এর আগে পাঁচটি আসনে জয় পাওয়া কংগ্রেসও বিজয়ের সম্ভাব্য সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছে। টিভিকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দলটি সিপিআই ও সিপিএমের সমর্থনেরও আশা করছে, যারা প্রত্যেকে দুটি করে আসন পেয়েছে। কংগ্রেস, ভিসিকে, সিপিআই এবং সিপিএমের সমর্থন পেলে টিভিকের মোট বিধায়ক সংখ্যা দাঁড়াবে ১১৯ জনে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন বেশি।
গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি ১০ আসন পিছিয়ে রয়েছে। অন্যদিকে এম কে স্টালিন নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডিএমকে বড় ধাক্কা খেয়ে ৫৯ আসনে নেমে এসেছে এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। নির্বাচনে বিজয় ত্রিচি ইস্ট ও পেরাম্বুর—উভয় আসনেই জয়ী হয়েছেন। তবে দলীয় সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত পেরাম্বুর আসনটি ধরে রাখবেন এবং ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দেবেন। সে ক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে অভিনেতা থালাপতি বিজয়। কংগ্রেসের পর এবার ভিসিকের সমর্থন চাইল তার দল টিভিকে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ছোট দলগুলোর সাথে জোটের তৎপরতা বাড়িয়েছেন এই অভিনেতা।

0 Comments