বাংলাদেশ লাগোয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অন্তত ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে অন্যতম হলো অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তন রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে এবং ভূমি ও রাজস্ব সচিবসহ মুখ্যসচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের সাথে ভারতের মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্তের মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি এলাকা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হয়ে সরকার গঠন করেছে দলটি। নির্বাচনের আগে থেকেই বিজেপি বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়টি তাদের প্রচারণার মূল ইস্যু হিসেবে সামনে এনেছিল।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

0 Comments