রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে প্রাণ হারানো সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জোবাইদা রহমান সেখানে যান।
কবরস্থানে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে তার শ্বশুর ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সেখানে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী এবং জোবাইদা রহমান বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান এবং স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের স্মরণে মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। ওই ঘটনায় মোট ৭৪ জন প্রাণ হারান, যাদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন। তারা সেখানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

0 Comments