আফগানিস্তানের তালেবান সরকারকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ বিভিন্ন সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে রাশিয়া। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ার সঙ্গে এই আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সূত্রমতে, এর আগেও মস্কোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তালেবানের আলোচনা হয়েছিল। তবে সাম্প্রতিক সফরের মাধ্যমে রাশিয়ার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ড্রোন বা হামলাসংক্রান্ত সরঞ্জাম এতে আছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মস্কোতে রাশিয়া ও তালেবান সরকারের প্রতিনিধিদের মধ্যে এ সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু এবং তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই রাশিয়ার সঙ্গে তাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। মস্কোতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ সংক্রান্ত আলোচনা ও চুক্তি সম্পন্ন হয়েছে।

0 Comments