ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার পর মধ্যপ্রাচ্য ছেড়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, রণতরিটিকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের আওতাভুক্ত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফোর্ড চলে গেলেও মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের আরও ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন এবং ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ নামক দুটি বড় বিমানবাহী রণতরিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় ১০ মাসের বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর আগে ক্যারিবীয় সাগরেও বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিল। সেখানে মাদক পাচারকারী নৌকা ও নিষেধাজ্ঞা অমান্যকারী ট্যাংকার আটকের পাশাপাশি ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে কারাকাস থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার অভিযানেও এটি যুক্ত ছিল। দীর্ঘ এই সমুদ্রযাত্রায় রণতরিটিতে কিছু যান্ত্রিক ও অভ্যন্তরীণ সমস্যাও দেখা দেয়। গত ১২ মার্চ জাহাজটির লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে দুইজন নাবিক আহত হন এবং প্রায় ১০০টি বিছানা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রণতরিটির শৌচাগার ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় নাবিকদের ভোগান্তির খবরও মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চললেও উত্তেজনা কমেনি। তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে এবং বিপরীতে ওয়াশিংটন ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে।
ইরানের বিরুদ্ধে অভিযান শেষে মধ্যপ্রাচ্য ছেড়েছে মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

0 Comments