পটুয়াখালীর বাউফল উপজেলায় নবনির্মিত একটি টয়লেটের নির্মাণ ব্যয়সংক্রান্ত নামফলক ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য এই টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের নামফলকে ব্যয় উল্লেখ করা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। অনেকেই সরকারি অর্থ অপচয় ও দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নামফলকে ব্যয়ের অঙ্কটি ভুলবশত লেখা হয়েছিল। বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, টয়লেটটি নির্মাণে প্রকৃত ব্যয় হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ৯৩ পয়সা। নামফলক তৈরির সময় ভুলবশত অতিরিক্ত শূন্য যুক্ত হওয়ায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি জানার পরপরই নামফলকটি সংশোধন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
পটুয়াখালীর বাউফলে একটি টয়লেট নির্মাণে ২ কোটি টাকা ব্যয়ের নামফলক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি প্রিন্টিং ভুল ছিল এবং প্রকৃত ব্যয় ২ লাখ টাকার কম।

0 Comments