২০২৬ সালের সম্মানজনক পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত এই পুরস্কারে এবার বার্তা সংস্থা রয়টার্স, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টসহ বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
বার্তা সংস্থা রয়টার্স এবার ‘ন্যাশনাল রিপোর্টিং’ ও ‘বিট রিপোর্টিং’—এই দুই বিভাগে পুরস্কার জিতেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যম মেটার এআই চ্যাটবটের ক্ষতিকর প্রভাব নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তারা এই স্বীকৃতি পায়।
নিউইয়র্ক টাইমস তিনটি বিভাগে পুরস্কার জয় করেছে। ট্রাম্প ও তাঁর মিত্ররা কীভাবে ক্ষমতা ব্যবহার করে লাভবান হচ্ছেন, তা নিয়ে প্রতিবেদনের জন্য তারা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পায়। এছাড়া মতামতধর্মী লেখা ও ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতেও তারা শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। ওয়াশিংটন পোস্ট ‘পাবলিক সার্ভিস’ বিভাগে পুলিৎজার জিতেছে। ট্রাম্প প্রশাসন ও ইলন মাস্কের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রতিবেদনের জন্য তারা এই সম্মাননা পায়।
অন্যান্য বিজয়ীদের মধ্যে আন্তর্জাতিক সংবাদ বিভাগে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে মিনেসোটা স্টার ট্রিবিউন পুরস্কার পেয়েছে। এছাড়া কানেকটিকাট মিরর ও শিকাগো ট্রিবিউন স্থানীয় সাংবাদিকতায় পুরস্কৃত হয়েছে।
উল্লেখ্য, ১৯১৭ সাল থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করে। গত সোমবার এ বছরের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
২০২৬ সালের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। রয়টার্স, নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টসহ বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো সাংবাদিকতার এই সম্মানজনক পদক জয় করেছে।

0 Comments