একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীরা তাঁদের জমা টাকা ফেরত পাওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার সকালে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে নগরের বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারী ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে। আমানতকারীরা মুনাফা কেটে রাখা বা হেয়ার কাট বাতিল এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় নগরের নিউমার্কেট মোড়ে জড়ো হয়ে আমানতকারীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের অনুরোধে তাঁরা আলকরণ মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ব্যাংকে চেক নিয়ে ঘুরেও তাঁরা টাকা পাচ্ছেন না, অথচ তাঁদের দুষ্কৃতকারী বলা হচ্ছে। তাঁরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দেওয়া এ সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচির একপর্যায়ে আমানতকারীদের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে টাকা ফেরতের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে তাঁদের নির্দিষ্ট স্থানে কর্মসূচি পালন করতে বলা হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।
আমানত ফেরত ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন ৫টি ব্যাংকের গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশি বাধায় তারা আলকরণ মোড়ে অবস্থান নিয়ে ৩ দফা দাবি জানান।

0 Comments