কক্সবাজারের শীলখালীতে একটি যাত্রীবাহী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৪ বোতল বিদেশী মদসহ মো. মোস্তফা (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। সোমবার দুপুরে শীলখালী চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মোস্তফা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বিটিপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটি থামান। এ সময় গাড়ির পেছনের সিটে বসা যাত্রী মোস্তফার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে ও তার মালামাল নিবিড়ভাবে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ব্যক্তিগত ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪৪ বোতল বিদেশী মদ এবং পাচারকাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি অধিক মুনাফার উদ্দেশ্যে এসব মদ কক্সবাজার থেকে সংগ্রহ করে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
কক্সবাজারের শীলখালীতে যাত্রীবাহী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৪ বোতল বিদেশী মদসহ এক পাচারকারীকে আটক করেছে ৬৪ বিজিবি। আটক ব্যক্তি এসব মদ কক্সবাজার থেকে টেকনাফে পাচার করছিলেন।

0 Comments