কন্যাশিশুদের নিরাপত্তা এবং সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, সেই পথে রাষ্ট্রব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখার জন্য পুনাকের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন। আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামী প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিচ্ছেন। বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত আপনাদের সমাজসেবামূলক পরিকল্পনাগুলো একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের ভিত্তি হিসেবে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু থেকে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান জরুরি। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মার্কেটিং সাপোর্ট প্রদান করা গেলে নারীদের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে ডা. জুবাইদা রহমান পুনাক সভানেত্রী অধ্যাপিকা নাসিমা ফেরদৌসীর আশু রোগমুক্তি কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ প্রমুখ।
কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান। পুনাক আয়োজিত সমাবেশে তিনি নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন।

0 Comments