পবিত্র ঈদুল আজহায় রাজধানীতে কোরবানির পশু জবাই ও নিয়ন্ত্রণ করতে গিয়ে পশুর গুঁতা, লাথি ও দড়ির টানে আহত হয়ে অন্তত ৩৩ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) তারা চিকিৎসা নিতে আসেন। একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে আহত হয়ে আরও ১৬৮ জন হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৮৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর কোরবানি শুরু হলে পশুর আঘাতে হাত-পা ভাঙা, আঙুল কাটা ও রগ ছিঁড়ে যাওয়ার মতো জখম নিয়ে রোগীরা আসতে শুরু করেন। গত ১৫ ঘণ্টায় কোরবানি সংশ্লিষ্ট দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনায় মোট ২০১ জন চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে ঢাকার তুরাগ এলাকার মামুন তালুকদার জানান, কোরবানির গরু বাঁধার সময় পশুর গুঁতায় তার বাম হাতের দুটি আঙুল টিনের ওপর পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। মিরপুর থেকে আসা তুষার মুফতি জানান, গরু শোয়ানোর সময় দড়ির টানে তার বাম হাতের একটি আঙুল ফেটে ভেঙে গেছে। বর্তমানে তারা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীতে কোরবানির পশুর গুঁতা ও লাথিতে আহত হয়ে ৩৩ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে মোট ২০১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0 Comments