কেরানীগঞ্জ ও পাবনা কারাগারের দুই তত্ত্বাবধায়কের বিশেষ উদ্যোগে ক্যানসার আক্রান্ত এক বন্দীর জীবন বাঁচাতে মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদক মামলায় কারাবন্দী পাবনার শালগড়িয়ার যুবক মো. আশরাফুল খাঁ শেষ পর্যন্ত চিকিৎসার স্বার্থে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
কারা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর একটি মাদক মামলায় আশরাফুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাবন্দী অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে পাবনা কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ‘বোন ক্যানসার’ বা অস্থির ক্যানসার ধরা পড়ে। কারাগারের সীমাবদ্ধ পরিবেশে এই ব্যয়বহুল ও জটিল রোগের চিকিৎসা অসম্ভব হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
সেখানেও আশরাফুলের অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন দেখা দেয়। এই পরিস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ ও পাবনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ওমর ফারুক সমন্বিত উদ্যোগ গ্রহণ করেন। তাঁরা বন্দীর সুচিকিৎসা নিশ্চিত করতে আইনি পদক্ষেপের পরিকল্পনা করেন এবং আদালতের কাছে মানবিক আবেদন জানান।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ জানান, ক্যানসার আক্রান্ত এই বন্দীর জন্য কারাগারের বাইরে বিশেষায়িত চিকিৎসা জরুরি—এমন তথ্য চিকিৎসকের পরামর্শসহ আদালতের সামনে তুলে ধরা হয়। আদালত দুই কারা কর্মকর্তার মানবিক আরজি ও বন্দীর মুমূর্ষু অবস্থা বিবেচনা করে আশরাফুল খাঁর জামিন মঞ্জুর করেন। এর ফলে তাঁর সুচিকিৎসা পাওয়ার পথ সুগম হলো।
ক্যানসার আক্রান্ত বন্দী আশরাফুলের জীবন বাঁচাতে এগিয়ে এলেন দুই কারাগারের তত্ত্বাবধায়ক। তাঁদের মানবিক আবেদনে আদালত জামিন মঞ্জুর করায় এখন উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন এই যুবক।

0 Comments