দেশের বেসরকারি খাতের পূবালী ব্যাংক প্রথমবারের মতো হাজার কোটি টাকার মুনাফার ক্লাবে নাম লিখিয়েছে। গত বছর শেষে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৯০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বা ৩১১ কোটি টাকা বেশি। এর আগে দেশীয় ব্যাংকের মধ্যে কেবল ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক এই মাইলফলক স্পর্শ করেছিল।
গত বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি, যার মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর পূবালী ব্যাংক ঋণের সুদবাবদ ৬ হাজার ৬৯৭ কোটি টাকা আয় করেছে। তবে সবচেয়ে বড় প্রবৃদ্ধি এসেছে সরকারি বিল ও বন্ডের বিনিয়োগ থেকে। এই খাত থেকে ব্যাংকটির আয় হয়েছে ৩ হাজার ৫৪৬ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৭২ শতাংশ বেশি। এছাড়া কমিশন ও ব্রোকারেজ থেকেও আয় বেড়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সুশাসন এবং মাত্র ২.২ শতাংশ খেলাপি ঋণ এই সাফল্যের মূল কারণ। তিনি বলেন, ব্যাংকের অধিকাংশ সম্পদই আয়যোগ্য হওয়ায় এবং বাজারে থাকা ঋণের বিপরীতে নিয়মিত আয় আসায় প্রথমবারের মতো হাজার কোটি টাকার মুনাফার ক্লাবে যুক্ত হওয়া সম্ভব হয়েছে।
রেকর্ড মুনাফা করে প্রথমবারের মতো হাজার কোটি টাকার ক্লাবে নাম লেখালো পূবালী ব্যাংক। গত বছর ব্যাংকটির মুনাফা হয়েছে ১ হাজার ৯০ কোটি টাকা। শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

0 Comments