দি টিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন নিয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচন আয়োজনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ প্রদান করেন। এর আগে একই দিন দুপুরে ব্যবসায়ী এস এম নুরুল হক ও মোহাম্মদ আজিজুল হক হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বিভাগ নির্বাচনের ওপর স্থগিতাদেশ ও রুল জারি করেছিলেন।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানায়। বিকেলে শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের পূর্ববর্তী আদেশটি স্থগিত করেন।
রিটকারী আইনজীবী আশফাকুর রহমান জানান, একটি রিপ্রেজেন্টেশন নিষ্পত্তি না হওয়ায় তারা আবেদন করেছিলেন। হাইকোর্ট প্রথমে নির্বাচন স্থগিত করলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেছেন। ফলে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স নির্বাচনে আর কোনো বাধা নেই। হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ২৩ মে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

0 Comments