সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার (২১ মে) অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রপক্ষের এই আপিল করার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ মে রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়। একইসঙ্গে সচিবালয়ের ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা দেখানো হয়েছে ১০ এপ্রিল থেকে।
চলতি বছরের ৭ এপ্রিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা রাষ্ট্রপতির বদলে সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণা করে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। ১৯৭২ সালের মূল সংবিধান অনুযায়ী, বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। পরবর্তীতে ১৯৭৫ ও ২০১১ সালের সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়েছিল, যা হাইকোর্ট অসাংবিধানিক ঘোষণা করে।
২০২৪ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধেই এখন আপিল করল রাষ্ট্রপক্ষ।
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা ও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল এই তথ্য নিশ্চিত করেন।

0 Comments