বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনের বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান। মঙ্গলবার বিকেলে একাডেমির নৃত্যশালা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তি’।
শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আয়োজিত এই উৎসবে দেশের ১০০টিরও বেশি নৃত্য সংগঠনের প্রায় ৬০০ শিল্পী অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি তার বক্তব্যে নাচের সাংস্কৃতিক ও শারীরিক গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আন্তর্জাতিক নৃত্য দিবসের গুরুত্ব তুলে ধরেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য গবেষক আমানুল হক। সংস্কৃতিসচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম দিনে শিল্পকলা একাডেমির শিল্পীদের সমবেত নৃত্য ছাড়াও নৃত্যছন্দ, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, সাত্ত্বিক শিল্পাশ্রম, নৃত্যায়তন, সাধনা ও ছান্দসিকসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আজ বুধবার উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। সমাপনী দিনে ২৩টি দলের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন।
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনের উৎসব। ১০০টির বেশি সংগঠনের ৬০০ শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। নাচের ছন্দে ও গানের সুরে মুখরিত হয়ে উঠেছে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণ।
সূত্র: প্রথম আলো

0 Comments