প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগপত্র ও প্রজ্ঞাপন জারির দাবিতে আজ সোমবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি বিকেল ৪টার দিকে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এতে অন্তত ৪ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
সকাল ১০টা থেকেই চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা অধিদপ্তরের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা অনতিবিলম্বে নিয়োগপত্র প্রদান এবং প্রজ্ঞাপন জারির দাবি জানান। মহাপরিচালক স্মারকলিপিটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দিলেও আন্দোলনকারীরা সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মূল ফটক অবরোধ করে বসে পড়েন।
বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে বিকেল ৪টার দিকে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা মিরপুর ১ ও ১০ নম্বর গোলচত্বরের দিকে সরে যান। এই ঘটনার প্রতিবাদে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরে শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে অন্তত ৪ জন আহত হয়েছেন।
সূত্র: Prothom Alo

0 Comments