Recents in Beach

ব্রেকিং নিউজ

২০২৬ সালে মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাসে এগিয়ে বাংলাদেশ


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং জনসংখ্যা বৃদ্ধির ধীরগতির কারণে এই অভাবনীয় সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সাল শেষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৯১১ ডলার, যেখানে ভারতের প্রাক্কলন করা হয়েছে ২ হাজার ৮১২ ডলার। আয়তনের বিচারে ভারতের অর্থনীতি বাংলাদেশের চেয়ে অনেক বড় হলেও মাথাপিছু আয়ের এই সমীকরণ বেশ কৌতূহল সৃষ্টি করেছে। তবে এই অর্জনকে খুব সহজভাবে দেখছেন না দেশের অর্থনীতিবিদরা।

বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকনোমিস্ট জাহিদ হোসেন বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনীতিতে অনেক বেশি পার্থক্য রয়েছে। মূলত মুদ্রার অবমূল্যায়ন এখানে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আইএমএফের রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায়, আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারকে জিডিপি দিয়ে ভাগ করার কারণে এই পার ক্যাপিটা জিডিপিতে পরিবর্তন আসে।

একই সুরে কথা বলেছেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি মনে করেন, এই পরিসংখ্যান নিয়ে উচ্ছ্বসিত হওয়ার চেয়ে বাস্তবতা অনুধাবন করা জরুরি। তিনি বলেন, বর্তমানে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি নিম্নমুখী এবং বিনিয়োগেও স্থবিরতা আছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট ও মূল্যস্ফীতির ধাক্কাও অর্থনীতিতে প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, আইএমএফের এই পূর্বাভাসে ভারতের ২০২৬ সালের অবস্থান কিছুটা নিম্নমুখী দেখালেও ২০২৭ সাল থেকে দেশটি আবারও ঘুরে দাঁড়াতে পারে। তখন ভারতের মাথাপিছু জিডিপি পুনরায় বাংলাদেশের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা বৈশ্বিক মন্দার মতো বিষয়গুলো যেকোনো সময় হিসাব পাল্টে দিতে পারে বলে তারা মনে করেন।

Post a Comment

0 Comments