কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে তাদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মৃত রশিদ মিয়ার ছেলে মো. সিয়াম (২১), মো. রিফাত (২২) এবং নজরুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২০)। তারা সবাই উপজেলার ওপারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যায়।
পরে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
0 Comments