Recents in Beach

ব্রেকিং নিউজ

ইসরাইলের নতুন প্রতিদ্বন্দ্বী কে, ইরানের পর আলোচনায় তুরস্ক-পাকিস্তান

সিবি ডেক্স: মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইসরাইলের এক বিশ্লেষক জানিয়েছেন, ভবিষ্যতে দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইরানের পরিবর্তে তুরস্ক বা পাকিস্তান উঠে আসতে পারে।

ইসরাইলের দৈনিক মারিভ-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে বিশ্লেষক বোয়াজ গোলানি ‘পরিবর্তনশীল বাস্তবতা’র প্রসঙ্গ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ইরান দুর্বল হয়ে পড়ায় ইসরাইলের প্রধান প্রতিপক্ষের অবস্থানে পরিবর্তন আসতে পারে।

নিবন্ধে বলা হয়, আলি খামেনির নেতৃত্বে ইরান দীর্ঘ তিন দশক ধরে ইসরাইলের প্রধান প্রতিপক্ষ হিসেবে ছিল। তবে সাম্প্রতিক সংঘাত ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

এ প্রেক্ষাপটে সম্ভাব্য নতুন প্রতিপক্ষ হিসেবে তুরস্ক ও পাকিস্তানের নাম উল্লেখ করেন গোলানি। তার ভাষায়, প্রতিযোগিতা এখন মূলত এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, তুরস্ক ও পাকিস্তান—উভয় দেশই জনসংখ্যায় বড়, সুন্নি সংখ্যাগরিষ্ঠ এবং শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো, যা ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয়।

সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে কড়া বক্তব্য দিচ্ছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি জনগোষ্ঠীর ওপর নিপীড়নের অভিযোগ তোলেন এবং ইরানের সঙ্গে সম্পর্ক নিয়েও সমালোচনা করেন।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে ইসরাইল-তুরস্ক প্রতিদ্বন্দ্বিতা মূলত সিরিয়াকে কেন্দ্র করে তীব্র হতে পারে, যেখানে দীর্ঘদিন ধরেই দুই দেশের স্বার্থের সংঘাত রয়েছে।

অন্যদিকে, ইরান সংশ্লিষ্ট উত্তেজনার সময় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় ছিল এবং দেশটির বিভিন্ন কর্মকর্তা ইসরাইলের সমালোচনা করে আসছেন। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক পোস্টে ইসরাইলকে ‘শয়তান’ ও ‘মানবতার জন্য অভিশাপ’ বলে উল্লেখ করেন, যদিও পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

গোলানি তার নিবন্ধে সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সংঘাতের পর ইসরাইলকে নতুন কোনো দেশের সঙ্গে সরাসরি মুখোমুখি হওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে হবে। তার মতে, এই সম্ভাব্য বিকল্পগুলোর কোনোটিই ইসরাইলের জন্য সুবিধাজনক নয়।

Post a Comment

0 Comments