জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে স্বজনপ্রীতির অভিযোগে ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাদিয়া সুলতানা নেলী নামে এক শিক্ষার্থী এই কাণ্ড ঘটান। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যারম প্রতিযোগিতার ফাইনালে নিয়ম ভঙ্গের অভিযোগ নিয়ে খেলোয়াড় সাদিয়া ও ক্রীড়া সম্পাদক জর্জিসের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার জেরে পুরস্কার বিতরণ শেষে সাদিয়া তাকে থাপ্পড় দেন। আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদিয়ার দাবি, ডুয়েল গেমসের নিয়ম অনুযায়ী একই বিভাগের খেলোয়াড় থাকার কথা থাকলেও প্রতিপক্ষ দলে তা মানা হয়নি। এই অনিয়মের প্রতিবাদেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার জানান, নিয়ম ভঙ্গের বিষয়টি নিয়ে তিনি কমিটির সঙ্গে কথা বলছিলেন এবং শেষ পর্যন্ত সাদিয়ার দলকেই বিজয়ী ঘোষণা করা হয়েছিল। এরপরও ক্রীড়া কমিটির আহ্বায়কের সামনেই তাকে অতর্কিতভাবে থাপ্পড় মারা হয়েছে। ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক আলী নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, জর্জিস আনোয়ার জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে এবং সাদিয়া সুলতানা ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মেরেছেন এক নারী শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্র: প্রথম আলো

0 Comments