সিবি ডেক্স: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ডিসি পার্কে এক মাসে ১০ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে অবস্থিত এ পার্কে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কৃষ্ণচূড়া ও সোনালু গাছও লাগানো হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ডিসি পার্কে ৫৪ প্রজাতির দুই হাজার বৃক্ষ রোপণের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় চলতি মাসেই ডিসি পার্কে ১০ হাজার গাছ রোপণ করা হবে। নগরায়ন ও উন্নয়ন কার্যক্রমের কারণে যে বৃক্ষ নিধন হয়েছে, তা পুষিয়ে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডিসি পার্ককে একটি আদর্শ পার্ক হিসেবে গড়ে তোলা হবে। পার্কজুড়ে থাকবে শীতল সবুজ পরিবেশ, কৃষ্ণচূড়ায় সজ্জিত চারপাশ, উত্তর পাশে ফলের বাগান এবং পাখির অভয়ারণ্য। এতে দর্শনার্থীরা নির্মল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপভোগ করতে পারবেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিক্ষয় রোধ এবং সবুজ বেষ্টনী গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 Comments