সিবি ডেক্স: কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের দায়ে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
অভিযানে তেলিকোনা এলাকার মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, অভিযানে মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইস্টার্ন সি.এন.জি ফিলিং স্টেশন এবং মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনসহ মোট ৫টি প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় তেলের মজুতের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি, পরিমাপে কম দেওয়া এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।
কুমিল্লা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান, জেলা প্রশাসকের নির্দেশে দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
0 Comments