ডিএমটিসিএল এমডি ফারুকের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল

সিবি ডেক্স: মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন। এতে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। তবে নিয়োগ বাতিলের কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ফারুক আহমেদকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানায়, মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এই সরকারি প্রতিষ্ঠানে প্রথমবার কোনো পেশাদার প্রকৌশলী ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে এ পদে সাধারণত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা দায়িত্ব পালন করতেন।

ফারুক আহমেদ চুয়েট থেকে স্নাতক এবং অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। প্রায় ৩৭ বছরের কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব ও হংকংসহ বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনায় যুক্ত ছিলেন। প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় ৭৬ জন প্রার্থীর মধ্য থেকে তাঁকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশন পুনরায় চালুর কারিগরি প্রক্রিয়ায়ও তাঁর ভূমিকা ছিল।

Post a Comment

0 Comments