সিবি ডেক্স: কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব থেকে কিশোরগঞ্জগামী অসীম পরিবহনের একটি বাস নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনহাজ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ যাত্রীরা আহত হন।
আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং বাস দুটি আটক করা হয়েছে।
0 Comments