আগামী মাসেই শুরু হবে কৃষক কার্ড বিতরণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিবি ডেক্স: জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধি সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মাননা এবং খাল খনন কর্মসূচির পর আগামী মাসে কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, দিনাজপুরে কৃষি সংক্রান্ত কারখানা ও হিমাগার স্থাপনের বিষয়েও সরকারের ভেতরে আলোচনা চলছে।

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের বর্তমান সমস্যাগুলো সমাধানে সময় প্রয়োজন। জনগণের ভোটে গঠিত এই সরকার জনগণের সহযোগিতা নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে।

নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, এক মাসের কম সময়ের মধ্যেই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছনে রেখে উন্নয়ন সম্ভব নয়।

প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড সব পরিবার পাবে। ইতোমধ্যে ১৫টি এলাকায় পাইলট প্রকল্পের আওতায় ৩৭ হাজার কার্ড বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিগত সরকারের অনিয়ম ও লুটপাটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই ১ বা ১৫ মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়, এজন্য ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, যারা সরকারকে ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার জন্যই বর্তমান সরকার কাজ করবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দিনরাত পরিশ্রম করবে।

Post a Comment

0 Comments