সিবি ডেক্স: শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় ঘোষণার পর দেশগুলোতে দ্রুত প্রস্তুতি সম্পন্ন করে মুসলিমরা আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ পালন করছেন।
সরকারি সূত্র জানিয়েছে, চাঁদ দেখার ভিত্তিতেই এসব দেশে রমজান মাসের সমাপ্তি নির্ধারণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হয়ে থাকে, ফলে কোথাও একই দিনে ঈদ উদ্যাপিত হলেও অন্য দেশে তা একদিন বা তার বেশি সময় পর পালিত হয়।
এদিকে সৌদি আরব জানিয়েছে, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আরও একটি রোজা পূর্ণ করে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়, সে হিসেবে দেশে শনিবার (২১ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) ঈদের তারিখ নির্ধারণ করেছে। অস্ট্রেলিয়াতেও একই দিনে ঈদ উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সিঙ্গাপুরে শনিবার (২১ মার্চ) ঈদ পালিত হবে বলে জানানো হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। দিনক্ষণে ভিন্নতা থাকলেও বিশ্বের সব মুসলিমের কাছে ঈদের আনন্দ ও তাৎপর্য একই।
0 Comments