Recents in Beach

ব্রেকিং নিউজ

রাজধানীতে ১৭৭১ স্থানে ঈদ জামাত, নিরাপত্তায় নেই শঙ্কা

সিবি ডেক্স: রাজধানীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদসহ মোট ১৭৭১ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতির কারণে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা।  

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, গোয়েন্দা তথ্য বিশ্লেষণে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।  

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত হবে, যার প্রথমটি সকাল ৭টায়। এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠেও জামাতের আয়োজন রয়েছে।  

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে। মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় ব্যারিকেড বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হবে। নারীদের জন্য আলাদা প্রবেশপথও রাখা হয়েছে।  

ট্রাফিক ব্যবস্থাপনায় জিরো পয়েন্ট, হাইকোর্ট, প্রেসক্লাব ও পল্টন এলাকায় যান চলাচলে ডাইভারশন থাকবে। মুসল্লিদের নির্দিষ্ট পয়েন্ট থেকে হেঁটে ঈদগাহে যেতে বলা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে ৯৯৯ নম্বরে জানানোর আহ্বান জানিয়েছে ডিএমপি।

Post a Comment

0 Comments