সিবি ডেক্স: ঈদুল ফিতরকে সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই মাহেন্দ্র চালককে জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ইউএনও সাথী দাস যাত্রীবেশে মাহেন্দ্র স্ট্যান্ডে যান। এসময় দুই চালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবি করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দুই চালককে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাসের দুই যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, ঈদে যাত্রীদের ভোগান্তি রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
0 Comments