জুলাই সনদ বাস্তবায়নে আল্টিমেটাম, ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি

সিবি ডেক্স: জুলাই সনদ বাস্তবায়নে আগামীকালের মধ্যে ব্যবস্থা না নিলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে ২৮ মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ হুঁশিয়ারি দেন। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সহিংসতা তুলনামূলক কম হলেও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনের ফলাফলে জনপ্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত না হলেও জাতির বৃহত্তর স্বার্থে তারা তা মেনে নিয়েছেন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদ আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হয় এবং এতে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। একই দিনে দুটি ভোট গ্রহণ, ফল প্রকাশ ও গেজেট প্রকাশ করা হলেও এখন পর্যন্ত সংস্কার কমিশনের অধিবেশন ডাকা হয়নি।

তার অভিযোগ, স্বাভাবিক প্রক্রিয়ায় দুটি অধিবেশন ডাকার কথা থাকলেও একটি ডাকা হয়েছে। অন্যদিকে বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার কমিশনের শপথ নেননি। এ অবস্থায় গণভোটে সমর্থন দেওয়ার পর বাস্তবে ভিন্ন অবস্থান নেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে সরকারকে সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হয় এবং সেই সময়সীমা আগামীকাল শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন না ডাকা হলে সরকারকে এর দায় নিতে হবে এবং তখন তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী হলেও সরকার সঠিক ভূমিকা পালন না করলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়। নেতারা দাবি করেন, এতে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান তারা।

প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments