Recents in Beach

ব্রেকিং নিউজ

সদরঘাটে লঞ্চ সংঘর্ষ, দুই নৌযানের রুট পারমিট বাতিল

সিবি ডেক্স: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান এ সিদ্ধান্তের কথা জানান।

প্রাথমিক দায় বিবেচনায় ‘এমভি আশা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি ঘটনাটি তদন্তে বিআইডব্লিউটিএ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজিব আহসান বলেন, তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে এ ধরনের অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তিনি জানান, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। বর্তমানে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান আশঙ্কামুক্ত রয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান রাতে সাময়িকভাবে ব্যাহত হলেও বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় জোরদার করা হবে।

উল্লেখ্য, বুধবার বিকেলে সদরঘাটে যাত্রী ওঠানোর সময় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. সোহেল নামের এক যুবক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঈদ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments