সুন্দরবনে অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আব্দুল হালিম (৩৬) নামে কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

আটক আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানার শিবসা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ১টার দিকে দাকোপ থানার টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments