মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় প্রবাসী জিয়াউদ্দিনের বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আকরিদা জন্নাত আইরিন ওই এলাকার প্রবাসী জিয়াউদ্দিনের মেয়ে। সে স্থানীয় গয়ালমারা ইবতেদায়ি দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক কেএম নাছির উদ্দিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও আইরিন মাদরাসায় গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফিরে ঘরের দক্ষিণ পাশের উঠানে থাকা দোলনায় খেলছিল। এ সময় দোলনার ওপরে থাকা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে সে।
ঠিক তখন তার সঙ্গে থাকা ভাসুরের নয় বছর বয়সী মেয়ে মুক্তা জন্নাত বিষয়টি দেখে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে আইরিনকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হারবাংয়ের আজিজনগর এক নম্বর গেইট এলাকায় অবস্থিত আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আকরিদা জন্নাত আইরিন শান্ত ও ভদ্র স্বভাবের মেয়ে ছিল এবং পড়াশোনায় মনোযোগী ছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হারবাং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাজ্জলসহ একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
তিনি আরও জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
0 Comments