ইউক্রেনে রুশ হামলায় ৫ নিহত, পাল্টা ড্রোন হামলা জোরদার

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪ জন। অন্যদিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।

রোববার (২৯ মার্চ) ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গ্লাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন এবং ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন।

কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওডেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহতের ঘটনা ঘটে।

পাল্টা জবাবে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে। বাল্টিক সাগরের উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, এই হামলা রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ।

এদিকে বেলগোরোদ অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। জবাবে ইউক্রেনের দিকে ৪৪২টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা। কিয়েভের দাবি, এর মধ্যে ৩৮০টি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ এখন উভয় পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে।

Post a Comment

0 Comments