বাবার জন্য পাঞ্জাবি আনার স্বপ্ন অপূর্ণ রেখেই আগুনে প্রাণ হারালেন বিমানসদস্য রাকিব

সিবি ডেক্স: রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজন রাকিব হাসান, যিনি বাবার জন্য ঈদের পাঞ্জাবি আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কৃষ্ণনগর গ্রামের গ্যারেজ মিস্ত্রি মো. জাকির হোসেন বলেন, ঈদের সময় বাড়ি এসে তার জন্য নতুন পাঞ্জাবি আনবে বলে জানিয়েছিল ছেলে রাকিব। কিন্তু রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ‘এলএ প্লাজা’ নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে সেই স্বপ্ন অপূর্ণ রেখেই প্রাণ হারান তিনি। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে বিমানবাহিনীতে এলএসি পদে যোগ দেন রাকিব হাসান। তিনি কুর্মিটোলায় এ কে খন্দকার বিমানবাহিনী ঘাঁটিতে কর্মরত ছিলেন। ঘটনার আগের দিন রোববার রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাবার সঙ্গে তার শেষ কথা হয়। তখন তিনি ঈদে বাড়ি আসার কথাও জানিয়েছিলেন।

ঘটনার রাতে বিমানবাহিনী থেকে প্রথমে জানানো হয় রাকিব বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে এক কর্মকর্তা ফোন করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। দুই ভাইয়ের মধ্যে রাকিব ছিলেন বড় এবং পরিবারের আর্থিক দায়িত্ব অনেকটাই তার ওপর ছিল। ছোট ভাই এবারের এইচএসসি পরীক্ষায় এ-প্লাস পেয়েছে। রাকিবের স্বপ্ন ছিল ছোট ভাইকে উচ্চশিক্ষা করানো এবং পরিবারের জন্য একটি ঘর নির্মাণ করা। বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি বলতেন, আগে পরিবারের জন্য একটি ঘর তুলবেন, তারপর বিয়ের কথা ভাববেন।

একই অগ্নিকাণ্ডে বাংলাদেশ বিমানবাহিনীর আরেক সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যাও মারা গেছেন। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিচু কলোনী বিমানবন্দর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং চার বছর আগে বিমানবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। ঘটনার দিন তিনি মিরপুরের ওই বাণিজ্যিক ভবনের একটি শপিং মলে গিয়েছিলেন। আগুন লাগার পর ভবনের ভেতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের চতুর্থ তলার একটি কাপড়ের দোকান থেকে রাকিবসহ কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আগুন লাগার পর ভবনে ঘন ধোঁয়ার সৃষ্টি হওয়ায় অনেকে ছাদে উঠে যেতে সক্ষম হলেও রাকিব ও অনন্যা ছাদে পৌঁছাতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন ‘এলএ প্লাজা’-তে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট ছয়টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, টার্ন টেবিল ল্যাডার ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

Post a Comment

0 Comments