সিবি ডেক্স: গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ একাধিক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি এবং সাবেক পৌর আমির। এ ঘটনায় এর আগে তৌহিদুল ইসলাম নামে আরও একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত ২৫ মার্চ রাতে, যখন জামায়াত নেতা মাহমুদুল হাসান পলাশ কয়েকজনকে নিয়ে থানায় গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে এক নারী কনস্টেবলসহ নয়জন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় এএসআই রুহুল আমিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিজান এই মামলার অজ্ঞাতনামা আসামি।
0 Comments