সিবি ডেক্স: চট্টগ্রাম নগরীর ব্যস্ত টেরিবাজার এলাকায় কে বি অর্কিড প্লাজা নামে একটি বহুতল শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ভবনের চতুর্থ তলার একটি টেইলার্স দোকানে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হন এবং তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন পটিয়ার মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলাইমান। এছাড়া মোহাম্মদ মামুন (২৮) নামে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকলেও সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতি জানিয়েছে, যে টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল এবং দোকানটিতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল।
0 Comments