Recents in Beach

ব্রেকিং নিউজ

রূপপুরে ৭ এপ্রিল জ্বালানি লোডিং, জুলাইয়ে আসছে বিদ্যুৎ

সিবি ডেক্স: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে আগামী ৭ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের জুলাই মাসের মধ্যেই এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।  

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এই কার্যক্রমের উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গেছে, ঢাকার নভোথিয়েটার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হয়ে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন।  

মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, রুশ ঠিকাদার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে ৭ এপ্রিল থেকে ইউনিট-১ এ জ্বালানি লোডিং শুরু হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাইয়ের মধ্যে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।  

তিনি আরও জানান, জ্বালানি লোডিংয়ের সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত থাকবে।  

প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, ইউনিট-১ এর সকল প্রস্তুতিমূলক কাজ ২৭ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর কমিশনিং প্রক্রিয়ার অংশ হিসেবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে।  

এই কার্যক্রম নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।  

এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের মধ্যে ৩০০ মেগাওয়াট এবং ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে।  

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ভিভিইআর-১২০০ মডেলের তৃতীয় প্রজন্মের দুটি রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট, যা মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম।

Post a Comment

0 Comments