সিবি ডেক্স: ঈদুল ফিতরের দিনে দেশজুড়ে যখন ঘরমুখো মানুষের ব্যস্ততা, তখন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। বৃহস্পতিবার (১৯ মার্চ) মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে আগেই ঈদের নামাজ আদায় করা হয়েছে সেখানে।
স্থানীয়ভাবে জানা যায়, সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। তবে এবার সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করেছেন।
মাওলানা আবু বকর সিদ্দিক জানান, নাইজার, মালিসহ বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে তারা ১৯ মার্চ ঈদ উদযাপন করেছেন। তিনি বলেন, সারা পৃথিবীতে চাঁদ এক হওয়ায় ঈদও একই দিনে হওয়া উচিত।
এদিন সাদ্রা গ্রামের একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, মাইকে ঈদের ঘোষণা শুনে আশপাশের গ্রাম থেকেও অনেকে এসে এই ব্যতিক্রমী আয়োজন প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, প্রতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ আগাম ঈদ উদযাপন করে থাকেন।
0 Comments