খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, ২৬ কোটি টাকার অভিযোগে গ্রেপ্তার

সিবি ডেক্স: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী ১১ মাসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রায় ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি সংবাদমাধ্যম। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রতিবেদনে বিপুল এই অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে।

বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে বিএফআইইউ। তদন্তে অভিযুক্ত মোতাল্লেস হোসেন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে অনুসন্ধানে ওই ব্যাংক হিসাবগুলোতে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে অর্থ আত্মসাতের খবর প্রকাশের পর থেকেই অভিযুক্ত মোতাল্লেস হোসেন আত্মগোপনে ছিলেন। অবশেষে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

Post a Comment

0 Comments