কক্সবাজারের পেকুয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওলা সিং রাখাইন (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইনপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনী ও থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—রাখাইনপাড়ার একটি বসতবাড়িতে দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী ও পুলিশ সদস্যরা শনিবার সন্ধ্যায় ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানে স্থানীয় ওচামং রাখাইনের ছেলে ওলা সিং রাখাইনের বসতঘর তল্লাশি করে ড্রামভর্তি আনুমানিক ২ হাজার লিটার দেশীয় চোলাই মদ এবং মদ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মদের কারবার চলছিল। তবে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস করত না। যৌথ বাহিনীর এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এমন বড় চালান উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এই সফল অভিযান পরিচালনা করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments