ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, বাবার আত্মসমর্পণ

সিবি ডেক্স: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অভিযুক্ত আব্দুল বারেক খান (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং প্রতিবেশীদের সঙ্গেও ঝামেলায় জড়াতেন। এতে পরিবারে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।

স্বজনদের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে শুভ বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন এবং সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফেরেন। মা-বাবাকে টাকা না দিলে জবাই করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ। নিরাপত্তার আশঙ্কায় বাবা রাতে অন্য ঘরে ঘুমান।

কাঠালিয়া থানা জানায়, ভোররাতে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেই ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তাকে আটক করে।

এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক অশান্তি ও হুমকির জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments