চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা, তিনটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতের দিকে হালিশহর থানাধীন চুনা ফ্যাক্টরি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার জেলার আব্দুর রশিদ (৪০) ও মো. সালাউদ্দিন কাদের (২৫), চট্টগ্রামের চান্দগাঁও এলাকার কামরুল হক চৌধুরী (৩৫), সন্দীপ উপজেলার মো. শাহনেওয়াজ সাজু (২৯) এবং সাতকানিয়া উপজেলার শাখাওয়াত হোসেন (২০)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল চুনা ফ্যাক্টরি মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পাঁচজন ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা দ্রুত তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তাদের সঙ্গে থাকা দুটি শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ২৪৫টি পলি জিপার প্যাকেট থেকে মোট ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। জব্দ করা ইয়াবা ও ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
0 Comments