ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে তারেক

সিবি ডেক্স: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে কক্সবাজারের পেকুয়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় দায়িত্বশীল সূত্র ও ছাত্রদল নেতাদের তথ্যমতে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ জানুয়ারি (রোববার) তিনি পেকুয়া সফর করবেন।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেওয়া হয়নি, তবে কক্সবাজার জেলা ও পেকুয়া উপজেলা বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি সোমবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহেদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারেক রহমানের পেকুয়া সফরের সম্ভাব্য তারিখ উল্লেখ করেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও দলীয় সাংগঠনিক সফরের কর্মসূচি গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি বগুড়া এবং ১২ জানুয়ারি রংপুর সফরের কর্মসূচি রয়েছে। রংপুরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন পেকুয়ার ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। তারেক রহমানের সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে পেকুয়া ও কক্সবাজার জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

0 Comments