ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা আমিনুল হক। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সব যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা এবং পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার করে আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি জানান, “দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন—এর মধ্যে তিনজন মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে এবং দুজন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন।”

ওসি মেহেদী হাসান আরও বলেন, নিহত আমিনুল হক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 Comments