Recents in Beach

ব্রেকিং নিউজ

ফ্যাসিবাদ রুখতে ঐক্যের আহ্বানঃশিল্প উপদেষ্টা

৮ আগস্ট ২০২৫ (বাসস):
বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখনও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে সেই ষড়যন্ত্র ব্যর্থ হবে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) রিং রোড মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদিলুর রহমান খান বলেন, “২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল, তার বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন সিডিএর একটি প্রশংসনীয় উদ্যোগ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসসহ সিটি করপোরেশন ও সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না। আজকের ভিত্তি প্রস্তরের মাধ্যমে এলাকার মানুষের বহুদিনের চাহিদা পূরণ হবে।” তিনি পাশাপাশি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহ্বান জানান।

দুই তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট, যেখানে ১ হাজার ৯১৮ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা থাকবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।

Post a Comment

0 Comments