ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দূর্জয়ের মৃত্যু: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম ওএসডি

সিবি ডেক্স: চকরিয়া থানা হেফাজতে অফিস সহকারী দুর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ভরামুহুরী হিন্দুপাড়ার বাসিন্দা কমল চৌধুরীর ছেলে। তিনি বিদ্যালয়ের অফিস সহকারী (কম্পিউটার অপারেটর) পদে কর্মরত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করে যে দুর্জয় বিদ্যালয়ের অর্থ আত্মসাত করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তাকে থানায় সোপর্দ করা হয়। তবে সেদিন রাতেই থানার হাজতে তার মৃত্যু হয়। পুলিশের দাবি— তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনার পর চকরিয়া থানার একজন এএসআই, দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং থানার ওসিকে বদলি করা হয়। সর্বশেষ শিক্ষা বিভাগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করল।

অন্যদিকে দুর্জয়ের পরিবার অভিযোগ করেছে, “এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

0 Comments