ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চকরিয়ায় থানা হেফাজতে দুর্জয়ের মৃত্যুর ঘটনায় এজাহার দায়ের

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়ায় স্কুল অফিস সহকারী দুর্জয় চৌধুরীর থানা হেফাজতে মৃত্যুর ঘটনায় তার বাবা কমল চৌধুরী এজাহার দায়ের করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় তিনি বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন। এসময় জেলা জজ আদালতের ১০–১২ জন আইনজীবী থানায় উপস্থিত ছিলেন।

এজাহারে চকরিয়া থানার সাবেক ওসি শফিকুল ইসলাম, এএসআই হানিফ মিয়া, দুই কনস্টেবল, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম, দুই সহকারী শিক্ষক ও অফিস সহায়কসহ আটজনের নাম উল্লেখ করা হয়। তবে এখনো এটি মামলা হিসেবে এন্ট্রি হয়নি।

বাদীর দাবি, দুর্জয়ের ল্যাপটপে বিদ্যালয়ের অনিয়ম–দুর্নীতির তথ্য সংরক্ষিত ছিল। এসব তথ্য গোপন করতে স্কুল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

এ্যাডভোকেট পিন্টু বড়ুয়া বলেন, “থানা হেফাজতে মৃত্যু মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন। আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।”

চকরিয়া সার্কেলের এএসপি অভিজিৎ দাস জানান, “দুর্জয়ের বাবা এজাহার দিয়েছেন। যেহেতু আগে অপমৃত্যু মামলা রুজু আছে, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

উল্লেখ্য, গত ২১ আগস্ট দুর্জয়কে অর্থ আত্মসাতের অভিযোগে থানায় আনা হয়। ২২ আগস্ট ভোরে হাজতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ওসি, এএসআই, কনস্টেবল প্রত্যাহার এবং প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করা হয়। এ ঘটনায় পুলিশ ও শিক্ষা অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি করেছে।

0 Comments