বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারি থেকে অতি ভারি রেইন বেল্ট, যা ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে সারাদেশে প্রভাব ফেলতে পারে। তবে এর মূল প্রভাব পড়বে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও উপকূলীয় জেলাগুলোতে।
সংস্থাটির তথ্যমতে, রেইনবেল্টটি সবচেয়ে সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে থাকবে মাঝারি প্রভাব, আর রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব তুলনামূলক কম থাকবে।
বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের নিচু এলাকায় বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি মিলিত হয়ে সাময়িক প্লাবন দেখা দিতে পারে। যদিও বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই, তবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২২ আগস্ট শুক্রবার সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
২৩ আগস্ট শনিবারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা থাকলেও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
0 Comments