Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ১, আহত বহু

সিবি ডেক্স: চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেতুর উপর একটি সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে গেলে সেতু এলাকায় সৃষ্টি হয় যানজট। এরইমধ্যে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ব্রিজের পূর্ব প্রান্তে না থেমে এবং কোনো সংকেত না নিয়েই সরাসরি ব্রিজে উঠে যায়। এতে সেতুর উপর থাকা সিএনজি, মাইক্রোবাস এবং কয়েকটি মোটরসাইকেলকে ট্রেনটি সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। তবে প্রশ্ন উঠেছে, ট্রেন চালক কেন পূর্ব নির্ধারিত নিয়ম অনুসরণ না করে সংকেত ছাড়াই ব্রিজে প্রবেশ করলেন।

Post a Comment

0 Comments